সূয্যি না কি সত্যি নিজের ইচ্ছেয়
ডুব দিয়েছে? সন্ধে হলো? দুচ্ছাই!
আকাশ জুড়ে এক্ষুনি এক ঈশ্বর
চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্যে।
লক্ষ, বা তা হতেও পারে একশো—
কেই-বা খুলে দেখছে রঙের বাক্স!
আমরা কি আর দেখতে পাব ভাবছ?
বাপমায়েরা যাবেন তবে মুচ্ছো!
পাখির সারি যেমন ধানের গুচ্ছে
আঁধার ফেলে ঘরের দিকে উড়ছে
তেমনি এবার ফিরতে হবে সত্যি
নিজের নিজের মন-খারাপের গর্তে।
বলবে বাবাঃ এইটুকু সব বাচ্চা-
দিন ফুরোলেও মাঠ ছাড়ে না? আচ্ছা!
মা বলবেঃ ঠ্যাংদুটো কী কুচ্ছিৎ!
একগঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছি।
--শঙ্খ ঘোষ