আজ দুর্গার অধিবাস, কাল দুর্গার বিয়ে।
দুর্গা যাবেন শ্বশুরবাড়ি সংসার কাঁদিয়ে।
মা কাঁদেন মা কাঁদেন ধুলায় লুটায়ে
সেই যে মা পলাকাটি দিয়েছেন গলা সাজায়ে।
বাপ কাঁদেন বাপ কাঁদেন দরবারে বসিয়ে
সেই যে বাপ টাকা দিয়েছেন সিন্দুক সাজায়ে।
মাসি কাঁদেন মাসি কাঁদেন হেঁসেলে বসিয়ে
সেই যে মাসি ভাত দিয়েছেন পাথর সাজিয়ে।
পিসি কাঁদেন পিসি কাঁদেন গোয়ালে বসিয়ে
সেই যে পিসি দুধ দিয়েছেন বাটি ভরিয়ে।
ভাই কাঁদেন ভাই কাঁদেন আঁচল ধরিয়ে
সেই যে ভাই কাপড় দিয়েছেন আলনা সাজিয়ে।
বোন কাঁদেন বোন কাঁদেন খাটের খুরো ধরে
সেই যে বোন গাল দিয়েছেন কালামুখী বলে।।
--মুখে মুখে প্রচলিত ছড়া