চিরকালের ছড়া
Pages
Home
Thursday, October 22, 2015
পাগল বটে
পাগল বটে, কিন্তু তবু শাস্ত্রে তিনি বশংবদ
মানতেন যে লেখা বারণ, বলতে চাও তো শতং বদ।
কাগজখানি রাখেন শাদা
মুখে বলেন ‘শুয়োর গাধা’-
এতেও যদি রাগ করে কেউ রাগটা হবে অসংগত।
-শঙ্খ ঘোষ
আটাশ টাকায় এক কিলো
আটাশ টাকায় এক কিলো মাছ কিনে পতিব্রতা
খুকুকে রোজ অঙ্ক শেখান, ঘটে না অন্যথা।
বাগিয়ে ধরেন বইটিকে-
কষতে হবে ঐকিকে
পাঁচ পয়সায় সাতটা হলে এক পয়সায় কটা!
-শঙ্খ ঘোষ
কাণ্ড শোনো হেডস্যারের
কাণ্ড শোনো হেডস্যারের
নাম শোনেননি বেডসারের।
হার্ভে হানিফ ফজল মে
চেনেন না এই কজন কে।
গিবস রামাধীন ইমতিয়াজ
জানো এ নাম তিনটি আজ?
জপ করো হে দীনদয়াল
বল হাতে ওই লিণ্ডওয়াল!
হাটন হ্যামণ্ড ব্রাডমানের
রান কি তবু বাঁধ মানে?
রেকর্ড হলো সোবার্সের
একশো করল কবার সে?
ফ্র্যাঙ্ক ওরেল, আর, উরিব্বাস
বথাম জাহির রডনি-মার্শ।
এদিক ওদিক সেদিক চাও
ইণ্ডিয়া কি নেই কোথাও?
সবাই দিচ্ছে সাবাশ কার?
বিশ্বনাথ আর গাভাসকার।
ক্যাপ্টেনেরা চুপ থেকে
গুপ্ত রাখেন গুপ্তেকে।
-শঙ্খ ঘোষ
কমলিপুরের উকিলবাবু
কমলিপুরের উকিলবাবু অল্প কথাই কন যাতে
কক্ষনো না পস্তাতে হয় ফালতু কোনো ঝঞ্ঝাটে
কেউ এলে তাই নালিশ করতে
শোনেন তিনি একটা শর্তে
চুপ করে দান ঢালতে হবে ছক্কা এবং পঞ্জাতে।
-শঙ্খ ঘোষ
লাল-হলুদ
লাল-হলুদ আর মেরুন-সবুজ
নিশানে গান জাগান
এই গলিটায় ইস্টবেঙ্গল
ওটায় মোহনবাগান।
মামা কেন খুনসুটিতে
দুইজনাকেই রাগান?
মা হয়েছেন ইস্টবেঙ্গল
বাবা মোহনবাগান।
টিচার্স রুমে সবাই কেন
একশো কামান দাগান?
বাংলার স্যার ইস্টবেঙ্গল
অঙ্ক মোহনবাগান।
দৌড়লে কী বুঝি, যখন
পিছে পুলিশ লাগান?
বাঁ-পা আমার ইস্টবেঙ্গল
ডান-পা মোহনবাগান।
-শঙ্খ ঘোষ
আস্তানা নেই রাস্তায় ঘুরি
আস্তানা নেই রাস্তায় ঘুরি
তাই বলে বলো মাস্তান?
ভিরমি খেয়েছ আমাদের দেখে?
উঠেছে কি কারো শ্বাসটান?
অল্পস্বল্প রুখে না দাঁড়ালে
ভাবো কি এখনও বাঁচতাম?
এমনকী যদি চোখ না রাঙাই
স্টপে যে থামে না বাসট্রাম!
-শঙ্খ ঘোষ
টিপু সুলতান
টুপি খুলছেন
টিপু সুলতান
কিছু ভাবছেন
কিছু বলছেন
আর কলকেয়
দিয়ে ভুল টান
কেশে মরছেন
টিপু সুলতান।
হুঁকো- বরদার
বলে ‘সর্দার
ওরা বজ্জাত
যত গর্জাক
নেই আপনার
কিছু ভাবনার
দেশ পালটান
দেশ উলটান’-
শুনে হাসছেন
আর কাশছেন
দিয়ে ভুল টান
মহা সুলতান
নেই ঢাক-ঢাক
ক’রে হাঁক ডাক
দেশ পালটান
দেশ উলটান
আর মুলতান
গান সুলতান।
-শঙ্খ ঘোষ
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)