Pages

Showing posts with label শঙ্খ ঘোষ. Show all posts
Showing posts with label শঙ্খ ঘোষ. Show all posts

Thursday, October 22, 2015

উলুকঝুলুক শুলুক পাতায়

উলুকঝুলুক শুলুক পাতায়
কন্টিকারি ফুল
হরেকরকম আলসে কথা
পোড়ো বাড়ির ঝুল

                                          শ্যাওড়া গাছের টনকনড়া
                                          বদ্যিভিটের ভূত
                                          চাঁদনি রাতে কুলপি গড়ায়
                                          আস্ত তিরিশ ফুট

ঢেউ লেগে তার বাঁশের বনে
ওঠে গানের ঝড়
শুনলে আসে সংগোপনে
কম্প দেওয়া জ্বর

                                          ওঝা আসেন জ্বর তাড়াতে
                                          শাপলামুড়ি দিয়ে
                                          উলুকঝুলুক শুক্ল রাতে
                                          খ্যাঁকশেয়ালের বিয়ে।

-শঙ্খ ঘোষ

পথ ছিল না আর

পথ ছিল না আর                 তবু
কদম কদম বাড়।

স্বস্তি ছিল না                      তবু
যখনতখন গা।

দুঃখ গোপন ঢেউ               সেটা
জানবে না আর কেউ।

কান্না যতই পাক                সবাই
সাজাক বাজাক ঢাক।


-শঙ্খ ঘোষ

চাকুমচুকুম বাকতাল্লা

চাকুমচুকুম বাকতাল্লা
                অন্ধকারের ছা
গাবুসগুবুস ইয়া আল্লা
                ডুবল ভরা না'
পৈঠাতে পা ফিনিকঝিনিক
                 ইস্কাপনের বিবি
জলের থেকে তুলতে পারি
                বল আগে কী দিবি!

-শঙ্খ ঘোষ

নামতা ভুলে আমতা গেলে

নামতা ভুলে আমতা গেলে
             সামতাবেড়ের গা-য়
শালুক-মুখে ভালুক উঠে
             দাঁড়াচ্ছে জ্যোৎস্নায়
চুক্তি করে নিক্তি মেপে
              দোক্তা যদি খায়
জ্যোৎস্নারাতে পোষ মানাতে
              স্বগগে চলে যায়।

-শঙ্খ ঘোষ

চলার সময় সামলে চলো

'চলার সময় সামলে চলো, দুটোই আছে চোখ তো!'
এই বলে মা খুড়ি পিসি সবাই তাকে বকত।
            নিজেকে তাই সামলাতে সে
            কানের মধ্যে তুলো ঠেসে
ঠ্যাংদুটোকে শেকল দিয়ে বাঁধল পাকাপোক্ত।

-শঙ্খ ঘোষ 

মঞ্চে উঠে হাত পা ছুঁড়ে

মঞ্চে উঠে হাত পা ছুঁড়ে বাজবিদ্যুৎ চমকাও
হুঁশ থাকে না ঘন্টা-মিনিট কিংবা শ্রোতার সংখ্যাও
             চোখের জলে ভিজল গরদ!
             পরের দুঃখে এমন দরদ
যৎসামান্য কমতে পারে একটু যদি কম খাও।

-শঙ্খ ঘোষ

পড়াশোনায় মন দিত না

ছোটোবেলায় তেমন করে পড়াশোনায় মন দিত না
বড়ো হয়ে কাজেই হলো- বোকাও না পণ্ডিতও না।
       আদত লোকটা কী লক্ষ্যে যে
       রোদে পোড়ে বিস্টি ভেজে
সবাই ভাবে বেঁচে থাকার সেটাও একটা ফন্দি তো না?

-শঙ্খ ঘোষ 

পাগল বটে

পাগল বটে, কিন্তু তবু শাস্ত্রে তিনি বশংবদ
মানতেন যে লেখা বারণ, বলতে চাও তো শতং বদ।
      কাগজখানি রাখেন শাদা
      মুখে বলেন ‘শুয়োর গাধা’-
এতেও যদি রাগ করে কেউ রাগটা হবে অসংগত।

-শঙ্খ ঘোষ

আটাশ টাকায় এক কিলো

আটাশ টাকায় এক কিলো মাছ কিনে পতিব্রতা
খুকুকে রোজ অঙ্ক শেখান, ঘটে না অন্যথা।
       বাগিয়ে ধরেন বইটিকে-
       কষতে হবে ঐকিকে
পাঁচ পয়সায় সাতটা হলে এক পয়সায় কটা!


-শঙ্খ ঘোষ

কাণ্ড শোনো হেডস্যারের

কাণ্ড শোনো হেডস্যারের
নাম শোনেননি বেডসারের।

হার্ভে হানিফ ফজল মে
চেনেন না এই কজন কে।

গিবস রামাধীন ইমতিয়াজ
জানো এ নাম তিনটি আজ?

জপ করো হে দীনদয়াল
বল হাতে ওই লিণ্ডওয়াল!

হাটন হ্যামণ্ড ব্রাডমানের
রান কি তবু বাঁধ মানে?

রেকর্ড হলো সোবার্সের
একশো করল কবার সে?

ফ্র্যাঙ্ক ওরেল, আর, উরিব্বাস
বথাম জাহির রডনি-মার্শ।

এদিক ওদিক সেদিক চাও
ইণ্ডিয়া কি নেই কোথাও?

সবাই দিচ্ছে সাবাশ কার?
বিশ্বনাথ আর গাভাসকার।

ক্যাপ্টেনেরা চুপ থেকে
গুপ্ত রাখেন গুপ্তেকে।


-শঙ্খ ঘোষ

কমলিপুরের উকিলবাবু

কমলিপুরের উকিলবাবু অল্প কথাই কন যাতে
কক্ষনো না পস্তাতে হয় ফালতু কোনো ঝঞ্ঝাটে
       কেউ এলে তাই নালিশ করতে
       শোনেন তিনি একটা শর্তে
চুপ করে দান ঢালতে হবে ছক্কা এবং পঞ্জাতে।

-শঙ্খ ঘোষ  

লাল-হলুদ

লাল-হলুদ আর মেরুন-সবুজ
          নিশানে গান জাগান
এই গলিটায় ইস্টবেঙ্গল
          ওটায় মোহনবাগান।

মামা কেন খুনসুটিতে
         দুইজনাকেই রাগান?
মা হয়েছেন ইস্টবেঙ্গল
          বাবা মোহনবাগান।

টিচার্স রুমে সবাই কেন
          একশো কামান দাগান?
বাংলার স্যার ইস্টবেঙ্গল
          অঙ্ক মোহনবাগান।

দৌড়লে কী বুঝি, যখন
          পিছে পুলিশ লাগান?
বাঁ-পা আমার ইস্টবেঙ্গল
           ডান-পা মোহনবাগান।

-শঙ্খ ঘোষ

আস্তানা নেই রাস্তায় ঘুরি

আস্তানা নেই রাস্তায় ঘুরি
তাই বলে বলো মাস্তান?

ভিরমি খেয়েছ আমাদের দেখে?
উঠেছে কি কারো শ্বাসটান?

অল্পস্বল্প রুখে না দাঁড়ালে
ভাবো কি এখনও বাঁচতাম?

এমনকী যদি চোখ না রাঙাই
স্টপে যে থামে না বাসট্রাম!


-শঙ্খ ঘোষ

টিপু সুলতান

টুপি    খুলছেন
টিপু    সুলতান
কিছু    ভাবছেন
কিছু    বলছেন
আর    কলকেয়
দিয়ে    ভুল টান
কেশে    মরছেন
টিপু      সুলতান।

হুঁকো-   বরদার
বলে     ‘সর্দার
ওরা     বজ্জাত
যত      গর্জাক
নেই      আপনার
কিছু      ভাবনার
দেশ      পালটান
দেশ      উলটান’-

শুনে     হাসছেন
আর     কাশছেন
দিয়ে     ভুল টান
মহা      সুলতান
নেই      ঢাক-ঢাক
ক’রে    হাঁক ডাক
দেশ     পালটান
দেশ     উলটান
আর     মুলতান
গান     সুলতান।

-শঙ্খ ঘোষ

লোকটি বড়ো আলসে

লোকটি বড়ো আলসে।
দেখার জিনিস দেখতে চায় না
দু-চোখ ভরা চালশে।
আজ যদি দেয় প্রতিশ্রুতি
     সব ভুলে যায় কাল সে।


-শঙ্খ ঘোষ

কেউ যে কানা

কেউ যে কানা, কেউ খোঁড়া
এটা রটায় মূর্খরা।

কেউ যে কালা, কেউ খোনা
সেটাও কোনো দুঃখ না।

কেউ বেশি, কেউ কম জানে
কেউ পূজা, কেউ রমজানে-

মন যদি তাও এক থাকে
তুচ্ছ এসব ব্যাখ্যাকে।

-শঙ্খ ঘোষ

Wednesday, October 21, 2015

গন্ডাকয়েক ঠাণ্ডা মানুষ

গন্ডাকয়েক ঠাণ্ডা মানুষ
ছিলেন সে প্যান্ডেলে
রামকানাইয়ের সানাই শুনে
হৃদয়টা দেন ঢেলে-
কাজেই তত মন ছিল না
চটিতে স্যান্ডেলে
উধাও হয়ে গেছে সেসব
চুঁচুড়া ব্যান্ডেলে।

-শঙ্খ ঘোষ


ছারপোকারা তক্তপোশে

ছারপোকারা তক্তপোশে
কিসের জন্য রক্ত পোষে?

প্রশ্ন করো মোক্ষদাকে
প্রশ্ন করো মোক্ষদাকে।

ঠুকরিয়ে খায় আরশোলাটা
কারই-বা গুড়? কার ছোলাটা?

টিকটিকিরও লক্ষ্যটা কে?
প্রশ্ন করো মোক্ষদাকে।

কামড়াল কি জোঁক খোকাকে?
প্রশ্ন করো মোক্ষদাকে।

ব্যাপারটা যে অলক্ষুনে
সেই কথাটা বলুক খুলে।

উচ্চিংড়ের মন তো ভোঁতা
জানতে তুমি অন্তত তা-

কিন্তু কেন মত্ত এসে
নাচায় আমায় কত্থকে সে?

কেই বা পাবে মোক্ষ তাতে?
প্রশ্ন করো মোক্ষদাকে।

প্রশ্ন করো প্রশ্ন করো
প্রশ্ন করো মোক্ষদাকে।

-শঙ্খ ঘোষ

নন্দীগাঁয়ের গালফোলা

নন্দীগাঁয়ের গালফোলা
মস্ত একটা জাল ফেলে
ধরছিল মাছ মণ-দেড়েক

তাই শুনে তার বন্ধুরা
দৌড়ে আসে হুংকারে
হাঁক দিয়ে কয় 'ফিস্টি চাই

হরেক রকম মিস্টি চাই
আর কী খাব লিস্টি চাই
গন্ধে যে ভাই ঘুম কাড়ে'-

অমনি সটান গালফোলা
ভেদ ক'রে সব ডালপালা
উঠল গিয়ে মগডালে।

এমনি করে দগ্ধালে
কেই-বা পারে তিষ্ঠোতে?
থাক পড়ে জাল গাছতলায়।

এদিকে সেই আলসেরা
দিচ্ছিল যেই শিস ঠোঁটে
সঙ্গে সঙ্গে জাল ছিঁড়ে

হৈ হৈ আর রৈ রোলে
চাদ্দিকে সব দৌড়োল
ট্যাংরা মাগুর মৌরলা।

-শঙ্খ ঘোষ 

মন ছিল না চা-পানে

মন ছিল না চা-পানে।
শুনছি না কি আরেক রকম
চা পাওয়া যায় জাপানে।
ভাবছি যাব সেই দেশেতেই
-পায়ে হেঁটে নয়, ঝাঁপানে।
কিন্তু যদি শীত হয় খুব
হিম পড়ে হাড়-কাঁপানে?
ডাইনে যেতে ঝাঁপান যদি
ছিটকে পড়ে বাঁ-পানে?
কাজ নেই আর, বাসায় থাকি
কে যেতে চায় জাপানে!

-শঙ্খ ঘোষ